জালিয়াতি ঠেকাতে কঠোর অবস্থানে হাবিপ্রবি প্রশাসন
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে হাবিপ্রবি প্রশাসন
চলমান তাপপ্রবাহ বিবেচনায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে নানাবিধ প্রস্তুতি গ্রহণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রক্টর অফিস থেকে জানা যায়, সকল প্রকার জালিয়াতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। জালিয়াতি ঠেকাতে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাস সিসিটিভিসহ বিশেষ নিরাপত্তার আওতায় থাকবে।
কেন্দ্রে প্রবেশের সময় সন্দেহভাজনদের তল্লাশি করা হবে এবং প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে যেন কোন ধরনের ডিভাইস কেন্দ্রে নিয়ে যেতে না পারে। অসদুপায় অবলম্বন, ভুয়া পরীক্ষার্থী, পরীক্ষায় সহায়তা করা ও সহায়তা গ্রহণ, প্রতারণা, জালিয়াতি, আর্থিক লেনদেন বা সংশ্লিষ্ট যেকোনো অপরাধের জন্য বিচারে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান তাপপ্রবাহসহ যেকোন জরুরী স্বাস্থ্যগত পরিস্থিতি মোকাবেলায় হাবিপ্রবি মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন ডাক্তারসহ ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের ডাক্তারগণের সমন্বয়ে একটি মেডিকেল টিম থাকবে।
আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য প্রতিটি একাডেমিক ভবনের সামনে বসার ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য শনিবার সকাল ১০টা, সাড়ে ১০টা ও ১১টায় সরকারি কলেজ মোড় থেকে ছেড়ে তিনটি বাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে।
মেয়ে পরীক্ষার্থী ও নারী অভিভাবকদের জন্য ছাত্রী হল ও টিএসসিতে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে। ছেলে পরীক্ষার্থী ও পুরুষ অভিভাবকদের জন্য ছাত্র হল ও মসজিদে ওয়াসরুমের ব্যবস্থা করা হয়েছে।
অসুস্থ,পঙ্গু ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসি এর সমন্বয়ে টিম কাজ করবে। প্রতিটি একাডেমিক ভবনের সামনে সিটপ্ল্যানসহ বিস্তারিত ম্যাপ টাঙিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ও সেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হবে। শনিবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর "এ" ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একইদিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।







